ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিশু-কিশোরদের ক্রীড়াপ্রতিভা অন্বেষণ ও মাঠপর্যায়ে খেলাধুলার বিকাশ ঘটানোর লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার ৫ নভেম্বর বিকেলে সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, ফতুল্লা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, ফতুল্লা ইউপি মেম্বার কাজী মহিউদ্দিন সহ ক্রীড়া সংগঠক এবং বিপুলসংখ্যক ক্ষুদে ক্রীড়াবিদ উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে মূল উদ্বোধনী পর্বের সাথে যুক্ত হয়ে বক্তারা বলেন, এ ধরনের নিয়মিত আয়োজনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে ধারাবাহিক প্রশিক্ষণের আওতায় আনা সম্ভব হবে। এটি তরুণদের কর্মসংস্থান, আত্মনির্ভরশীলতা এবং মাদক মুক্ত সমাজ গঠনে এক ইতিবাচক ভূমিকা রাখবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের সিজন-২ এ নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন ও পৌর পর্যায়ে ১২ থেকে ১৪ বছর বয়সী ৩ হাজারের অধিক ক্ষুদে ক্রীড়াবিদ অংশ নিচ্ছে। প্রতিযোগিতায় ক্রিকেট, ফুটবল, দাবা, কাবাডি, অ্যাথলেটিক্স, কারাতে, সাঁতার, ব্যাডমিন্টন, ভলিবল ও টেবিল টেনিসসহ মোট ১০টি ভিন্ন ইভেন্টে প্রতিযোগীরা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা ক্ষুদে খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন এবং মাঠপর্যায়ে সুষ্ঠু ও সুন্দরভাবে প্রতিটি খেলা সম্পন্ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

By Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *