
নানা চড়াই-উতরাই আর রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের কঠিন সময় পেরিয়ে আবারও স্বমহিমায় ফিরেছেন নারায়ণগঞ্জের পরিচিত মুখ রিয়াদ মোহাম্মদ চৌধুরী। সাম্প্রতিক সময়ে ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা, আর্তমানবতার সেবা এবং ক্রীড়াঙ্গনসহ নানা ক্ষেত্রে তার সরব উপস্থিতি ও সাফল্য স্থানীয় পর্যায়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।একসময় রাজনীতির মাঠে সক্রিয় থাকা রিয়াদ চৌধুরী ২০২৫ সালের মাঝামাঝি সময়ে বেশ কিছু প্রতিকূল পরিস্থিতি ও আইনি জটিলতার মুখোমুখি হন। তবে সব বাধা ও সাময়িক সংকট কাটিয়ে তিনি নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন। বর্তমানে সামাজিক, ব্যবসায়িক ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনে মনোনিবেশ করেছেন তিনি। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী। পাশাপাশি শিক্ষা খাতের উন্নয়নেও যুক্ত হয়েছেন তিনি। চলতি বছরের আগস্ট মাসে ঐতিহ্যবাহী ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতির দায়িত্ব গ্রহণ করে শিক্ষার মানোন্নয়নে কাজ শুরু করেছেন। সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেছেন রিয়াদ চৌধুরী। গত অক্টোবরের শেষ দিকে অনুষ্ঠিত রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে ২৬৩ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন তিনি। নির্বাচিত হওয়ার পর তিনি সম্মিলিতভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় মানবিক সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তরুণ ও যুবসমাজকে মাদক এবং অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার প্রসারেও বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি। সম্প্রতি ফতুল্লা ও সদর উপজেলার বিভিন্ন স্থানীয় ক্রীড়া আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাধুলার মানোন্নয়নে নানামুখী উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন রিয়াদ চৌধুরী। এছাড়া এলাকায় অবৈধ বালু উত্তোলন বন্ধসহ বিভিন্ন সামাজিক অসঙ্গতির বিরুদ্ধেও তাকে সোচ্চার দেখা গেছে। সব মিলিয়ে, অতীতের তিক্ত অভিজ্ঞতা ও কঠিন সময় পেছনে ফেলে সমাজসেবা, ব্যবসা এবং ক্রীড়া সংগঠক হিসেবে বহুমুখী সাফল্যের পথে এগিয়ে চলেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী। স্থানীয় সচেতন মহলের মতে, ইতিবাচক কর্মকাণ্ডের এই ধারাবাহিকতা বজায় থাকলে আগামী দিনে নারায়ণগঞ্জের সামাজিক উন্নয়নে তিনি আরও বড় ভূমিকা রাখতে পারবেন।