
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ববিরোধ ও বাকবিতণ্ডার জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত ইয়াছিন মিয়া ওরফে মিশকাত (২২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার ২৩ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।নিহত ইয়াছিন মিয়া রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় দেবই কাজিরবাগ মাদ্রাসা থেকে আলিম (এইচএসসি সমমান) পরীক্ষায় অংশ নিয়েছিলেন।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার ২১ নভেম্বর সন্ধ্যায় দেবই মাদ্রাসার সামনে পূর্বশত্রুতার জেরে কয়েকজন মিলে ইয়াছিনকে মারধর ও ছুরিকাঘাত করে। হামলায় মাদ্রাসার দপ্তরি ও তার চাচাসহ কয়েকজন জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা তিন দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার রাতে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।এ ঘটনায় নিহতের ভগ্নিপতি মাসুম মিয়া বাদী হয়ে মাদ্রাসার দপ্তরিসহ তিনজনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।নিহতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্ত শেষে ইয়াছিনের মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হবে এবং আজ মঙ্গলবার তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।