নারায়ণগঞ্জের ফতুল্লায় গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা নিহতের ঘটনায় রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে ঘটনার মূল হোতা হিসেবে পরিচিত স্থানীয় সন্ত্রাসী রিয়াজ ওরফে ডেভিড অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে আহত হন।বুধবার ২৫ নভেম্বর সকালে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান অভিযানের এই অগ্রগতির বিষয়টি নিশ্চিত করেছেন।যৌথ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১১) পৃথক দল মঙ্গলবার রাতভর নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে পুলিশ হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তার সহোদর আব্দুল্লাহ ও সহযোগী সামাদসহ মোট চারজনকে আটক করে। অন্যদিকে, এসআরবির একটি বিশেষ দল অভিযান চালিয়ে আদর ও আজাদ নামে আরও দুজনকে গ্রেপ্তার করে।অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে এবং বাকি পাঁচজনকে ফতুল্লা থানার দেওভোগ, নাগবাড়ি ও এর আশপাশের এলাকা থেকে ধরা হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গ্রেপ্তারকৃতরা ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার ও নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।অস্ত্র উদ্ধার ও গুলিবিদ্ধ হওয়ার ঘটনাপুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রিয়াজ ওরফে ডেভিডের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযানে বের হয় পুলিশ। অভিযানের একপর্যায়ে ডেভিড আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পায়ে গুলি লাগে। বর্তমানে পুলিশি পাহারায় তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।উল্লেখ্য, গত রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য ও গ্রেপ্তারি পরোয়ানা সংক্রান্ত খোঁজ নিতে গিয়েছিলেন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনোয়ার মোল্লা (৩২) ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুস সাত্তার। সে সময় মাদক কারবারি ও সন্ত্রাসীরা তাদের চিনে ফেলে অতর্কিত হামলা চালায়। এএসআই সাত্তার প্রাণ বাঁচাতে ঘটনাস্থল থেকে সরে যেতে পারলেও দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান কনস্টেবল আনোয়ার।এই নৃশংস হত্যাকাণ্ডের পরদিন ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

By Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *