দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর চূড়ান্ত নিষ্পত্তির দিকে এগোচ্ছে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলা। আগামীকাল বুধবার ২৫ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ মামলার আপিল শুনানি শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার ২৪ নভেম্বর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অ্যাটর্নি জেনারেল জানান, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে বুধবারের কার্যতালিকায় (কজলিস্ট) মামলাটি ৩ নম্বর ক্রমিকে রাখা হয়েছে। রাষ্ট্রপক্ষের বিশেষ উদ্যোগে আলোচিত এ মামলাটির দ্রুত শুনানি ও নিষ্পত্তির ব্যবস্থা করা হয়েছে।

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণ করা হয়। অপহরণের তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী এ হত্যাকাণ্ডের ঘটনায় ২০১৭ সালের ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের বিচারিক আদালত সাবেক কাউন্সিলর নূর হোসেন এবং র‍্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৬ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।পরবর্তীতে ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষে ২০১৭ সালের ২২ আগস্ট হাইকোর্ট ১৫ আসামির মৃত্যুদণ্ড বহাল রাখেন এবং ১১ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া অপর ৯ আসামির বিভিন্ন মেয়াদের কারাদণ্ডও বহাল রাখা হয়। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে দণ্ডিত আসামিরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করেন, যা এখন চূড়ান্ত শুনানির অপেক্ষায়।

By Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *