
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সড়ক ও ফুটপাত হকারমুক্ত এবং জনসাধারণের চলাচলের উপযোগী করে গড়ে তোলার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেছেন বিশিষ্ট আইনজীবী ও বিএনপি নেতা এডভোকেট সাখাওয়াত হোসেন খান। আজ রোববার (১ নভেম্বর ২০২৬) এক ফেসবুক পোস্টে তিনি নারায়ণগঞ্জকে একটি সুন্দর, নিরাপদ ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় জানান। সোশ্যাল মিডিয়ায় দেওয়া ওই পোস্টে তিনি উল্লেখ করেন, “সড়ক ও ফুটপাত হোক জনতার অধিকার, দখলমুক্ত নারায়ণগঞ্জ গড়াই আমাদের অঙ্গীকার।” একই সাথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাধীন সব সড়ক ও ফুটপাত থেকে অবিলম্বে হকারদের সরে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী সড়ক দখল করে হকারি করা সম্পূর্ণ বেআইনি উল্লেখ করে প্রশাসনের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও প্রশাসনের যৌথ উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়নে শহরের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন এডভোকেট সাখাওয়াত হোসেন খান।