নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিগত সময়ের কর্মকাণ্ড ও বর্তমান প্রশাসনের উন্নয়ন তৎপরতা নিয়ে নগরজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নগরবাসীর একটি বড় অংশের মতে, সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দীর্ঘ সময়ের কর্মকাণ্ডের বড় অংশ জুড়ে ছিল একটি নির্দিষ্ট পরিবারকে কেন্দ্র করে রাজনৈতিক অবস্থান জানান দেওয়া ও লোক দেখানো তৎপরতা। এর বিপরীতে, বর্তমানে নাসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে নগর উন্নয়ন ও নাগরিক দুর্ভোগ লাঘবে আপসহীন অবস্থান নিয়েছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। সংশ্লিষ্ট সূত্র ও নগরবাসীর পর্যবেক্ষণে দেখা যায়, বিগত মেয়াদে নারায়ণগঞ্জের প্রধান সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা, যানজট নিরসন এবং জলাবদ্ধতা দূর করার মতো মৌলিক সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগের চেয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও পরিবারকেন্দ্রিক প্রভাব বিস্তারের বিষয়টিই বেশি প্রাধান্য পেত। হকার উচ্ছেদসহ নানা বিষয়ে বারবার সংঘর্ষ ও উত্তেজনা তৈরি হলেও নগরবাসী কাঙ্ক্ষিত স্থায়ী সমাধান পাননি। অন্যদিকে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই ভিন্ন ধারার কর্মতৎপরতা দেখাচ্ছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা পরিবারকেন্দ্রিক রাজনীতির বলয়ে না গিয়ে তিনি সরাসরি সাধারণ নগরবাসীর মৌলিক সমস্যা সমাধানে মাঠে নেমেছেন। সম্প্রতি শহরের প্রধান সড়ক ও ফুটপাত থেকে অবৈধ হকার উচ্ছেদ, অসহনীয় যানজট নিয়ন্ত্রণে অটোরিকশার শৃঙ্খলা ফেরানো এবং জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে তাঁর কঠোর ও আপসহীন অবস্থান নগরবাসীর নজর কেড়েছে। পাশাপাশি নারায়ণগঞ্জকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে নিয়মিত সরেজমিনে প্রকল্প পরিদর্শন করছেন তিনি।নগর বিশ্লেষক ও সাধারণ নাগরিকদের মতে, নারায়ণগঞ্জের রাজনীতিতে দীর্ঘদিন ধরে যে পরিবারকেন্দ্রিক মেরুকরণ চলছিল, প্রশাসক সাখাওয়াত হোসেন খানের কর্মকাণ্ড তার বিপরীতে একটি ইতিবাচক বার্তা দিচ্ছে। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে নগর উন্নয়নে তাঁর এই অদম্য গতি অব্যাহত থাকলে নারায়ণগঞ্জবাসী দীর্ঘদিনের পুঞ্জীভূত দুর্ভোগ থেকে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে। নগরীর জলাবদ্ধতা নিরসন ও পরিবেশ রক্ষায়ও অ্যাডভোকেট সাখাওয়াত নিয়েছেন দীর্ঘমেয়াদী পরিকল্পনা। শহরের বেদখল হয়ে যাওয়া ও ভরাট হওয়া ৩২টি খাল পুনরুদ্ধার এবং খননের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বর্ষা মৌসুমে নগরবাসীকে আর জলাবদ্ধতার ভোগান্তিতে পড়তে না হয়। পাশাপাশি, পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে বর্জ্য ব্যবস্থাপনায় আনা হয়েছে আধুনিকতা ও গতিশীলতা।অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি নাগরিকদের স্বাস্থ্যসেবা ও বিনোদনের দিকেও বিশেষ নজর দিয়েছেন নাসিক প্রশাসক। তরুণ প্রজন্মের সুস্থ বিকাশ ও খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ডে নতুন খেলার মাঠ নির্মাণের জন্য ৫২ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এছাড়া নাগরিক সেবা আরও সহজ ও দুর্নীতিমুক্ত করতে পৌরকর শাখাসহ সিটি করপোরেশনের প্রতিটি বিভাগে জবাবদিহিতা নিশ্চিত করার কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।নগরবাসীর মতে, অতীতে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়নের গতি ছিল ধীর। তবে বর্তমান প্রশাসক সাখাওয়াত হোসেন খান যেভাবে আপসহীন মনোভাব নিয়ে মাঠে নেমেছেন, তা অব্যাহত থাকলে নারায়ণগঞ্জ অচিরেই একটি তিলোত্তমা ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে।

By Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *