
গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলন ও সড়ক অবরোধের মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে কাজ করছে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বুধবার (৪ নভেম্বর) বিকেলে ফতুল্লার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় সাংবাদিকদের উদ্দেশ্যে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।জেলা প্রশাসক বলেন, জনভোগান্তি সৃষ্টি হয় এমন কোনো কিছু আমরা করতে দেব না। এর পেছনে কার কার হাত আছে তা বের করার আপ্রাণ চেষ্টা চলছে এবং অতি শীঘ্রই তা বেরিয়ে আসবে।তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকারি দলের লোকজন খেয়ে না খেয়ে শ্রমিকদের এই বিশৃঙ্খলা প্রশমিত করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। বিশেষ করে নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ অ্যাডভোকেট আবুল কালাম, নাসিক প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. মোঃ সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, ফতুল্লা থানা বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল আলম স্বজল,সদস্যসচিব শাহেদ আহমেদ, সহ জেলা বিএনপি’র সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।সরকারিভাবে নতুন মজুরি কমিশন গঠনের ঘোষণা আসার পর শ্রমিকদের শান্ত হতে এবং কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে ডিসি বলেন, পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসনের এই যৌথ তৎপরতা অব্যাহত থাকবে।