
দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে পরিচালিত পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবদল। বুধবার (১৮ নভেম্বর) সংগঠনটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।কর্মসূচির শুরুতে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং সদস্য সচিব শাহেদ আহমেদের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের খানপুর হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাষাড়া গোল চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।সমাবেশে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে যাওয়া পতিত সরকারের নেতারা বর্তমানে ভারতে অবস্থান করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তিনি বলেন, শান্তিপূর্ণ এই দেশকে অস্থিতিশীল করতে তারা বাইরে থেকে অর্থের জোগান দিচ্ছেন।দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে মনিরুল ইসলাম সজল আরও বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের যেকোনো সন্ত্রাসী তৎপরতা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিহত করবে। প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে এবং কেউ নাশকতার চেষ্টা করলে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিতে হবে।সমাবেশে সদস্য সচিব শাহেদ আহমেদ বলেন, গোপালগঞ্জকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে এবং সেখানে পরিকল্পিতভাবে পুলিশ হত্যা ও স্থানীয় সাংসদের বাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটানো হয়েছে। তিনি অভিযোগ করেন, অর্থের বিনিময়ে মিছিল করিয়ে এবং অপ্রাপ্তবয়স্কদের ব্যবহার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করানো হচ্ছে।নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রত্যয় ব্যক্ত করে শাহেদ আহমেদ হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা সাধারণ মানুষকে শান্ত রাখতে চাই বলেই এখন পর্যন্ত দেশে কোনো ক্রসফায়ারের মতো ঘটনা ঘটেনি। তবে নারায়ণগঞ্জের মাটিতে যদি একটিও অপ্রীতিকর ঘটনা ঘটে, তবে জড়িতদের প্রতিটি ঘর থেকে খুঁজে বের করা হবে।বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহাগসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।