নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক মাদ্রাসায় গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আগুনের কালো ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত সমস্যায় আক্রান্ত হয়ে অন্তত ৬৩ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন শিক্ষার্থীদের মধ্যে চারজনের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।মঙ্গলবার ১০ নভেম্বর দিবাগত রাত পৌনে ২টার দিকে ফতুল্লার ভূঁইগড় এলাকার শান্তিধারায় অবস্থিত ‘জামিয়াতুল আশরাফিয়া’ মাদ্রাসায় এই আগুনের সূত্রপাত হয়।নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস সূত্র জানায়, পাঁচতলাবিশিষ্ট ওই মাদ্রাসা ভবনের দ্বিতীয় তলায় থাকা পাঠাগার ও অফিস কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে। কক্ষগুলোতে প্রচুর পরিমাণে বই ও কাগজপত্র মজুত থাকায় আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে ভোর পৌনে ৪টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়।ঘটনার বর্ণনা দিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, প্রতিষ্ঠানটিতে প্রায় ১ হাজার ৩০০ শিক্ষার্থী পড়াশোনা করে, যাদের অধিকাংশই আবাসিক। গভীর রাতে অগ্নিকাণ্ডের সময় শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিলেন। এ সময় পুরো ভবনে প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়লে ঘুমন্ত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং ধোঁয়ায় দম বন্ধ হয়ে (সাফোকেশন) অনেকেই অসুস্থ হয়ে পড়েন।বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।অন্যদিকে, আহত শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় অসুস্থ হয়ে এখন পর্যন্ত ৬৩ জন শিক্ষার্থী এই ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।তিনি আরও জানান, ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। আইসিইউতে চিকিৎসাধীন শিক্ষার্থীরা হলেন— খাইরুল (২২), জোবায়ের (১৮) এবং ইউসুফ নামে ১৮ বছর বয়সী দুই শিক্ষার্থী। এ ছাড়া জরুরি বিভাগে আরও শিক্ষার্থী চিকিৎসার জন্য আসছেন এবং প্রত্যেকের শারীরিক অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।

By Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *