
টানা তৃতীয় দিনের মতো চলছে লাগাতার আন্দোলন, আবারো রণক্ষেত্রে পরিণত হয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লা শিল্পাঞ্চল। গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে চলছে আন্দোলন। প্রশাসন এবং সরকার দলীয় নেতারা কোনভাবেই নিয়ন্ত্রণে নিতে পারছেন না এই আন্দোলনকে। বুধবার (৪ নভেম্বর) সকালে ফতুল্লার কুতুবাইল কাঠেরপুল এলাকায় আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকেই কুতুবাইল কাঠেরপুল এলাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা একজোট হয়ে বিক্ষোভ শুরু করেন। বেলা ১০টার দিকে কয়েক হাজার শ্রমিক লাঠিসোঁটা নিয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করার উদ্দেশ্যে অগ্রসর হতে যান। এ সময় সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে আগে থেকেই মোতায়েন থাকা পুলিশ সদস্যরা তাদের বাধা দেন। শ্রমিকরা বাধা উপেক্ষা করে মহাসড়কে ওঠার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করলে পুলিশ লাঠিচার্জ করে এবং টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের কারণে লিংক রোডের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, “শ্রমিকরা প্রধান সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা করছিল। আমরা তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি এবং জানাই যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে ও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু তারা কথা না শুনে পুলিশের ওপর চড়াও হলে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করি। কোনো অবস্থাতেই সড়ক আটকে জনগণকে জিম্মি করতে দেওয়া হবে না।” তিনি আরও জানান, আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।