
নারায়ণগঞ্জের ফতুল্লায় রাতের আঁধারে হেলমেট পরিহিত দুর্বৃত্তদের দেওয়া আগুনে বিএনপির একটি অস্থায়ী কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ফতুল্লা মডেল থানাধীন উত্তর মাসদাইর এলাকার গাবতলী রোডে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উত্তর মাসদাইর আমানা গার্মেন্টসসংলগ্ন গাবতলী রোডে এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা টিনের তৈরি ওই ঘরটি অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করতেন।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, রাত সোয়া ২টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত ঘটনাস্থলে আসে। এর মধ্যে একটি মোটরসাইকেলে থাকা দুজন বাইরে পাহারায় থাকেন এবং অপর মোটরসাইকেল থেকে হেলমেট পরা এক ব্যক্তি নেমে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে ভেতরে থাকা প্লাস্টিকের চেয়ারে আগুন ধরিয়ে দিয়ে তিনি দ্রুত দৌড়ে মূল সড়কের দিকে পালিয়ে যান এবং তার সহযোগীরাও মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিসংযোগের কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত করতে দুটি পৃথক তদন্ত দল গঠন করা হয়েছে।