
নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত এবং প্রভাবশালী দুটি নাম—অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর কেন্দ্র থেকে তাঁদের হাতে মহানগর বিএনপির দায়িত্বভার তুলে দেওয়ার পর থেকে আজ অবধি নানা চড়াই-উতরাইয়ের মাঝেও তাঁরা নিজেদের অপরিহার্য প্রমাণ করেছেন। একদিকে বিএনপির হাইকমান্ড বা কেন্দ্রে তাঁদের শক্ত অবস্থান, অন্যদিকে রাজপথের আন্দোলন ও আইনি অঙ্গনে তাঁদের অপ্রতিরোধ্য নেতৃত্ব—সব মিলিয়ে বর্তমান প্রেক্ষাপটে নারায়ণগঞ্জ বিএনপিতে এই দুই নেতার কোনো বিকল্প নেই বলে মনে করছেন দলটির সিংহভাগ তৃণমূল নেতাকর্মী।দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নানা কোন্দল ও স্থবিরতায় জর্জরিত ছিল। আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের তীব্র দমন-পীড়ন, একের পর এক গায়েবি মামলা এবং গ্রেপ্তারের মুখে যখন দলীয় কার্যক্রম পরিচালনা করা দুরূহ হয়ে পড়েছিল, ঠিক তখনই মহানগরের নেতৃত্বে আসেন সাখাওয়াত-টিপু জুটি।দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁরা ঘরে বসে না থেকে নেতাকর্মীদের নিয়ে রাজপথে নেমে আসেন। বিগত বছরগুলোর তীব্র আন্দোলন, হরতাল-অবরোধ কিংবা নির্বাচন বর্জনের কর্মসূচিতে ঢাকার প্রবেশদ্বার খ্যাত এই শিল্পনগরীতে তাঁরা বারবার বড় বড় শোডাউন করেছেন। এমনকি ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পূর্ববর্তী ও পরবর্তী সময়েও আইন-শৃঙ্খলার অবনতি ঠেকাতে এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে এই দুই নেতার ভূমিকা ছিল অগ্রগণ্য।পেশাগত জীবনে সফল আইনজীবী হওয়ার কারণে দলীয় রাজনীতিতে তাঁরা অনন্য এক সুবিধা ও সেবা যোগ করতে পেরেছেন। আওয়ামী লীগের শাসন আমলে নারায়ণগঞ্জে বিএনপির হাজার হাজার নেতাকর্মী যখন একের পর এক মামলার শিকার হয়ে আদালতের বারান্দায় ঘুরছিলেন, তখন সাখাওয়াত হোসেন খান এবং আবু আল ইউসুফ খান টিপু তাঁদের প্রধান আশ্রয়স্থলে পরিণত হন।অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এবং আইনজীবী সমিতির সাবেক সভাপতি হিসেবে তিনি আদালত পাড়ায় বিএনপির শক্তিশালী দুর্গ গড়ে তোলেন। নেতাকর্মীদের বিনামূল্যে বা নামমাত্র খরচে আইনি সহায়তা দেওয়া, গভীর রাতেও জামিনের ফাইলের পেছনে ছুটে চলা সাখাওয়াতের চিরচেনা রূপ। ২০১৪ সালের আলোচিত সাত খুন মামলায় বাদীপক্ষের আইনজীবী হিসেবে তাঁর অকুতোভয় ভূমিকা দেশজুড়ে প্রশংসিত হয়েছিল, যা তাঁকে সাধারণ মানুষের কাছেও জনপ্রিয় করে তোলে। ২০১৬ সালের নাসিক নির্বাচনে বিএনপির ধানের শীষের মেয়র প্রার্থী হিসেবেও তিনি লড়াই করেছিলেন। রাজনীতির মাঠে ও আইনি লড়াইয়ে তাঁর এই অনবদ্য ত্যাগের মূল্যায়নস্বরূপ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাঁকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবেও দায়িত্ব দেওয়া হয়। অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সদস্য সচিব হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই সংগঠনের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছেন টিপু। রাজপথের আন্দোলন জমাতে তাঁর সাংগঠনিক দক্ষতা অনন্য। রাজনীতির কারণে একাধিকবার তাঁকে কারাবরণ করতে হয়েছে। ২০২৩ সালের নভেম্বরের তীব্র আন্দোলনের সময় মিছিল থেকে তাঁকে পুলিশ গ্রেপ্তার করলেও কারাগার থেকে বের হয়েই তিনি দ্বিগুণ উৎসাহে মাঠে নামেন। মামলা-হামলার ভয় উপেক্ষা করে মাঠের কর্মীদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখাই তাঁর রাজনীতির মূল ইউএসপি। সাখাওয়াত ও টিপুর সবচেয়ে বড় শক্তি হলো বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব ও হাইকমান্ডের সাথে তাঁদের সরাসরি ও নিবিড় যোগাযোগ। দলের সিনিয়র নেতৃবৃন্দ মনে করেন, নারায়ণগঞ্জের মতো একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে লবিং বা গ্রুপিংয়ের ঊর্ধ্বে উঠে দল ধরে রাখার জন্য এই দুজনের কোনো বিকল্প নেই। কেন্দ্র থেকে আসা যেকোনো নির্দেশনা তাঁরা শত বাধা বিপত্তির মাঝেও মাঠ পর্যায়ে সফলভাবে বাস্তবায়ন করেছেন।মহানগর বিএনপির অধীনস্থ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতিতে নানা সমীকরণ থাকলেও সাখাওয়াত-টিপুর জুটি এখন নেতাকর্মীদের আবেগের জায়গায় পরিণত হয়েছে। দলীয় পদ-পদবির লোভের চেয়ে দলের ক্রান্তিলগ্নে জীবন বাজি রেখে মাঠে থাকা এবং নেতাকর্মীদের আপদে-বিপদে পাশে দাঁড়ানোর কারণে এই মুহূর্তে তাঁদের বিকল্প ভাবার কোনো সুযোগ নেই।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী দিনের যেকোনো রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপিকে আরও সুসংগঠিত করতে সাখাওয়াত হোসেন খান ও আবু আল ইউসুফ খান টিপু জুটির ওপরই কেন্দ্রকে ভরসা রাখতে হবে। কারণ, তাঁরা শুধু পদধারী নেতা নন, তাঁরা মাঠ থেকে উঠে আসা পরীক্ষিত সৈনিক।এদিকে দল যেহেতু বর্তমানে ক্ষমতায় আছে সে কারণে রাজনৈতিক বিশ্লেষকরা এই দুই নেতার সফল জুটি আগামী তে ও যাতে অটুট থাকে সে দিকে খেয়াল রেখে তাদের সঠিকভাবে মূল্যায়নও করবেন বলে মনে করছেন রাজনৈতিক বোদ্ধারা।