নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের আহ্বায়ক মাওলানা ফেরদাউসুর রহমানকে ডেকে নিয়ে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকার হিরা কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে হামলার এই অভিযোগপুরোপুরি অস্বীকার করেছেন ছাত্রদলের স্থানীয় নেতৃত্ব।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মাওলানা ফেরদাউসুর রহমান জামতলা হিরা কমিউনিটি সেন্টারের সামনে এলে কয়েকজন যুবক তাকে রাস্তার এক পাশে ডেকে নিয়ে যান। সেখানে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয় এবং ধস্তাধস্তিতে তার পরনের পাঞ্জাবি ছিঁড়ে যায়। ঘটনার পরপরই অভিযুক্তরা স্থান ত্যাগ করেন।হামলার বিষয়ে মাওলানা ফেরদাউসুর রহমান অভিযোগ করে বলেন, ছাত্রদল কর্মী অনিক ও তোফায়েলসহ ২০ থেকে ২৫ জনের একটি দল পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালিয়েছে। মহানগর ছাত্রদলের সাবেক নেতা আজিজুল ইসলাম রাজীবের নির্দেশেই এ ঘটনা ঘটানো হয়েছে।ঘটনার পেছনের কারণ উল্লেখ করে তিনি আরও জানান, জেলা পরিষদের একটি জায়গা লিজ নিয়ে তিনি নির্মাণকাজ শুরু করেছিলেন। এ নিয়ে তার কাছে চাঁদা এবং নির্মাণাধীন মার্কেটের অর্ধেক মালিকানা দাবি করা হয়েছিল। সেই দাবি মেনে না নেওয়ায় ক্ষুব্ধ হয়ে তার ওপর এই হামলা চালানো হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানান তিনি।অন্যদিকে, এ অভিযোগ ভিত্তিহীন দাবি করে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম রাজীব বলেন, মাওলানা ফেরদাউসুরের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো। চাঁদা বা মার্কেটের শেয়ার নিয়ে তার সঙ্গে কখনোই কোনো কথা হয়নি। তিনি কার প্ররোচনায় বা কেন আমার নাম জড়াচ্ছেন, তা তিনিই ভালো বলতে পারবেন। হামলার খবর তিনি পরে শুনেছেন বলেও দাবি করেন।

By Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *